শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

কুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত: শনিবার, নভেম্বর ৭, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) পালিত হয়েছে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার (০৭ নভেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, ভাইস-চ্যান্সেলরের আবাসিক ভবন ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় শিক্ষার্থীদের অংশগ্রহণে দিবসটির তাৎপর্যবিষয়ক রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এ সময় অন্যান্য অতিথিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, প্রভোস্ট, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সকাল ১০টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে দিবসটির ঐতিহাসিক তাৎপর্য ও জাতীয় জীবনে এর গুরুত্ব তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতীয় ঐক্য, দেশপ্রেম ও সম্মিলিত দায়িত্ববোধের চেতনাকে স্মরণ করিয়ে দেয়। দেশের কল্যাণ ও অগ্রগতির জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মোঃ রকিবুল আলম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। এ ছাড়া বক্তব্য রাখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড সাইবার সিকিউরিটি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. এম. এম. এ. হাসেম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহাজাহান আলী, শিক্ষক সমিতির সভাপতি ও ইসিই বিভাগের প্রফেসর ড. মোঃ ফারুক হোসেন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, কর্মকর্তা সমিতির সভাপতি মোঃ রবিউল ইসলাম, কুয়েট কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক শেখ হাফিজুর রহমান এবং শিক্ষার্থীদের পক্ষে আইইএম বিভাগের ইউসুফ খান সিয়াম ও ইসিই বিভাগের সাফওয়ান আহমেদ ইফাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলী। তিনি অনুষ্ঠানটি সফল ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন