রবিবার, ৩১ মে ২০২৬
প্রকাশিত: রবিবার, মে ৩১, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ পবিত্র হজ পালন শেষে ৪১৯ জন হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সৌদি আরব থেকে আসা ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সৌদি আরবের স্থানীয় সময় রাত ১২টা ১০ মিনিটে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে প্রথম ফিরতি ফ্লাইটটি। সৌদিয়া এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম।
প্রথম দিন শনিবার বিভিন্ন সময়ে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হজযাত্রীর দেশে ফেরার কথা রয়েছে। তাদের স্বাগত জানাতে বিমানবন্দর ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিমানবন্দরে অবতরণের পর প্রত্যেক হজযাত্রীকে ৫ লিটার করে জমজমের পানি দেওয়া হচ্ছে।
এর আগে গত ১৭ এপ্রিল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। এরপর বাংলাদেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবে যান। হজ পালন শেষে এখন শুরু হয়েছে তাদের দেশে ফেরার কার্যক্রম।