বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
প্রকাশিত: বুধবার, জুন ১০, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৬ বুধবার উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভবিষ্যৎ শান্তিরক্ষা মিশনকে আরও আধুনিক, দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশের নারী সদস্যদের সাহসী ও পেশাদার অংশগ্রহণের প্রশংসা করেন এবং বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আত্মোৎসর্গকারী শান্তিরক্ষীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় ২০২৫ সালে সুদানে শাহাদাতবরণকারী ছয়জন সেনাসদস্যের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেন। এছাড়া, ওই হামলাসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে আহত সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতেও সম্মাননা তুলে দেন। পরবর্তীতে, তিনি বিভিন্ন দেশে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের সাথে কুশল এবং মতবিনিময় করেন। উল্লেখ্য, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী।
এ সময় সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, সশস্ত্র বাহিনীর প্রধানগণ, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশের মহাপরিদর্শক, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দেশের কূটনীতিক ও প্রতিনিধিগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।