শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশিত: শনিবার, জুন ৬, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে কর্তব্য পালনকালে সর্বোচ্চ আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের ছয়জন বীর শান্তিরক্ষীকে মরণোত্তর “দাগ হ্যামারশোল্ড” পদকে ভূষিত করা হয়েছে। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষ্যে গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সম্মাননা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরীর নিকট হস্তান্তর করেন।
সম্মাননাপ্রাপ্ত বীর শান্তিরক্ষীরা হলেন কর্পোরাল মো. মাসুদ রানা, সৈনিক মো. মোমিনুল ইসলাম, সৈনিক শামীম রেজা, সৈনিক শান্ত মন্ডল, মেস ওয়েটার মো. জাহাঙ্গীর আলম এবং লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর সুদানের কাদুগলিতে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শত্রুপক্ষের ড্রোন হামলায় তাঁরা শাহাদাতবরণ করেন। তাঁদের অসীম সাহস, পেশাদারিত্ব, কর্তব্যনিষ্ঠা ও আত্মত্যাগ বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাংলাদেশ সেনাবাহিনী গভীর শ্রদ্ধার সঙ্গে এই আত্মত্যাগকারী শান্তিরক্ষীদের স্মরণ করছে।