শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ সুবিধাবঞ্চিত শিশুদের আনন্দ ও পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার বিকালে খুলনার রূপসা নদীর তীরে ‘রূপসার আকাশে শিশুদের স্বপ্ন’ শীর্ষক ঘুড়ি উৎসবের আয়োজন করে ক্লিন আপ (Clean Up Youth Climate Action)।
অনুষ্ঠানে শিশুদের নদীদূষণ, প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ক্ষতিকর প্রভাব, জীববৈচিত্র্য এবং মাইক্রোপ্লাস্টিকের মাধ্যমে খাদ্যশৃঙ্খলে দূষণ ছড়ানোর বিষয়ে সচেতন করা হয়। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিশুদের শিক্ষা ও পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
ক্লিন আপের নির্বাহী পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান বলেন, “সুবিধাবঞ্চিত শিশুরা শিক্ষা ও খেলাধুলাসহ নানা সুযোগ থেকে পিছিয়ে থাকলেও তাদের প্রতিভা ও সৃজনশীলতা আমাকে মুগ্ধ করেছে। যথাযথ সুযোগ পেলে তারাও নিজেদের মেধার বিকাশ ঘটাতে পারবে। আমরা চাই, আনন্দের মধ্য দিয়ে তারা পরিবেশ ও জলবায়ু সম্পর্কে শিখুক এবং সমাজে সচেতনতার বার্তা ছড়িয়ে দিক।”
অনুষ্ঠানে লামিয়া, আজমীর, মামুন, নুর, গালিব, তাহাসিন, সাফায়ে, আবুবক্করসহ বিভিন্ন সামাজিক ব্যক্তিত্ব ও স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
আয়োজকরা বলেন, শিশুদের জন্য নিরাপদ ও বাসযোগ্য ভবিষ্যৎ গড়তে নদী রক্ষা, প্লাস্টিক দূষণ হ্রাস এবং জলবায়ু শিক্ষা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।