বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশিত: বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য ডিসিপ্লিনে ধাতু ও টেরাকোটা অগ্নিশালা ‘শিল্পাগ্নি’ এর উদ্বোধন করা হয়েছে। ২৮ অক্টোবর (বুধবার) বেলা ১১টায় উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে নামফলক উন্মোচন ও ফিতা কেটে এর উদ্বোধন করেন। পরে তিনি ধাতব ঢালাই চুল্লি ও টেরাকোটা চুল্লির ব্যবহার ও সম্ভাবনা সম্পর্কে অবহিত হন।
এ সময় উপাচার্য বলেন, চারুকলা ও ভাস্কর্য শিক্ষার মানোন্নয়নে আধুনিক সুযোগ-সুবিধা এবং ব্যবহারিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধাতু ও টেরাকোটা অগ্নিশালা ‘শিল্পাগ্নি’ শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশ, নতুন শিল্পকর্ম নির্মাণ এবং ব্যবহারিক দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ঐতিহ্যবাহী টেরাকোটা শিল্পের চর্চা ও বিকাশের পাশাপাশি ধাতব ভাস্কর্য নির্মাণেও নতুন সম্ভাবনা তৈরি হবে। তিনি এ ধরনের অবকাঠামোকে শিক্ষা, গবেষণা ও শিল্পচর্চার কাজে যথাযথভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
ভাস্কর্য ডিসিপ্লিন প্রধান শান্তনু মন্ডলের সভাপতিত্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুকলা স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, ড্রইং এন্ড পেইন্টিং ডিসিপ্লিনের প্রধান ড. মোঃ তরিকত ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) আবু সালেহ মোঃ পারভেজ এবং জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (রুটিন দায়িত্ব) মিজানুর রহমান খান ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানে জানানো হয়, ভাস্কর্য ডিসিপ্লিনের জন্য ধাতু ও টেরাকোটা অগ্নিশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দক্ষিণবঙ্গের টেরাকোটা শিল্প আরও সমৃদ্ধ হবে এবং ধাতু গলিয়ে ভাস্কর্য নির্মাণের শিক্ষা ও চর্চার পরিসর বাড়বে। পাশাপাশি এ খাতে বাণিজ্যিক সম্পৃক্ততার সুযোগও তৈরি হবে।