শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পন্ন হবে সম্পূর্ণ বিনামূল্যে

প্রকাশিত: বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়তে বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে বাড়তি কোনো ফি বা চার্জ লাগবে না, জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বললেন, সরকারের এই উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পন্ন হবে সম্পূর্ণ বিনামূল্যে। এজন্য দিতে হবে না কোনো ধরনের বাড়তি চার্জ বা ফি।

বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেছেন। অর্থ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ উদ-দৌলা খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ধীরে ধীরে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় সর্বস্তরের মানুষকে আনা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। বললেন, ফুসকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসের আওতায় আনা হবে।

এ ব্যবস্থায় ব্যবহারকারী কীভাবে সুবিধা পাবেন সে বিষয়েও কথা বলেছেন মন্ত্রী। জানালেন, এই ব্যবস্থার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা বা যেকোনো ছোট ব্যবসায়ী যেকোনো ব্যাংক কিংবা সার্ভিস প্রোভাইডার অ্যাকাউন্টে খুব সহজেই কিউআর কোড ব্যবহার করে টাকা গ্রহণ করতে পারবেন।

মন্ত্রীর দাবি, ফলে কাউকে আর কষ্ট করে নগদ ক্যাশ টাকা বহন করতে হবে না। এ ছাড়া লেনদেন প্রক্রিয়া হবে আরও সহজ ও গতিশীল।

অর্থমন্ত্রী বললেন, প্রাথমিক পর্যায়ে ছোটখাটো কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিলেও তা দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। মন্ত্রীর ভাষ্য, বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন সহজ ও নিরাপদ; যা এরই মধ্যে প্রমাণিত এবং সফল। বাংলাদেশ ব্যাংকও এ আন্তর্জাতিক চর্চাকে দেশে সার্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

মন্ত্রী দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক বাংলাদেশ গড়ে তোলার এ সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।

বাংলা কিউআর বাংলাদেশ ব্যাংকের চালু করা ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। এ ব্যবস্থার মাধ্যমে দ্রুতই লেনদেন বাড়ছে।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে দেশে প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ বাংলা কিউআর লেনদেন হতো। এসব লেনদেনের আর্থিক মূল্য ছিল দৈনিক গড়ে ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে প্রতিদিন গড়ে প্রায় ৩ লাখ ৫০ হাজার বাংলা কিউআর লেনদেন হচ্ছে। এসব লেনদেনের আর্থিক মূল্য দাঁড়িয়েছে গড়ে ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।

এছাড়া আজ থেকে বাংলা কিউআর ব্যবহারে বেশি কিছু সুবিধা পাবেন ব্যবহারকারীরা। এরমধ্যে রয়েছে— তাৎক্ষণিকভাবে ব্যবসায়ীর হিসাবে যাবে টাকা, কমছে এ সেবা ব্যবহারের খরচ এবং ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে মিলবে প্রণোদনা। এ ছাড়া এ সেবা ব্যবহারের মাধ্যমে নভেম্বর থেকে করা যাবে সরাসরি ব্যক্তি-থেকে-ব্যক্তি লেনদেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন