বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশিত: বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) লেডিস ক্লাবের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১-এর মাল্টিপারপাস রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার-এর সহধর্মিণী ড. মাহমুদা হক এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগের সহকারী অধ্যাপক ড. ইসরাত জাহান আইরিনসহ বিভিন্ন বিভাগের নারী শিক্ষক এবং কর্মকর্তাবৃন্দ।
সভায় লেডিস ক্লাবের কার্যক্রম, সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার এবং বিভিন্ন ইতিবাচক ও সৃজনশীল কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে একটি সহযোগিতামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বক্তারা বলেন, লেডিস ক্লাবের মাধ্যমে সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।
সভায় জানানো হয়, নির্ধারিত ফি প্রদান এবং ক্লাবের নির্ধারিত নিয়ম-কানুন মেনে লেডিস ক্লাবের সদস্যপদ গ্রহণ করা যাবে। আগ্রহী নারী শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে সদস্য হতে পারবেন।