বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

নজরুল বর্ষ উপলক্ষে খুকৃবিতে আন্তঃঅনুষদীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

প্রকাশিত: বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ নজরুল বর্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) আন্তঃঅনুষদীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের মাল্টিপারপাস রুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তচিন্তার চেতনা ধারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের এনিমেল নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ তসলিম হোসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার বলেন, “কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও মুক্তচেতনার কবি। তাঁর সাহিত্য ও সৃষ্টিকর্ম অন্যায়, বৈষম্য, ধর্মীয় সংকীর্ণতা ও বিভেদের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা জোগায়।” তিনি বলেন, শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। এর মাধ্যমে তাদের মননশীলতা, মানবিক মূল্যবোধ ও নেতৃত্বগুণ বিকশিত হবে।

উপাচার্য আরও বলেন, ধর্মীয় সাম্য ও সম্প্রীতির চেতনায় নজরুলকে গভীরভাবে গবেষণা করতে হবে। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নজরুলের সাহিত্য ও দর্শন নিয়ে গবেষণা করে জাতীয় পর্যায়ে পুরস্কৃত হবে—এটাই তাঁর প্রত্যাশা।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। আন্তঃঅনুষদীয় এ প্রতিযোগিতাকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাংস্কৃতিক বিকাশের পাশাপাশি নজরুলের মানবিক ও অসাম্প্রদায়িক দর্শনকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন