শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)-এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. শফিকুল আলম মনা বলেছেন, জীবন গঠনে কলেজের ভূমিকা অপরিসীম। স্কুলের নির্দিষ্ট গণ্ডি পেরিয়ে কলেজজীবন একজন শিক্ষার্থীর সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করে। উচ্চশিক্ষা কেবল বই মুখস্থ করে ভালো ফলাফল অর্জনের নাম নয়; বরং নিজেকে একজন মানবিক, সৎ, দায়িত্বশীল ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সুবর্ণ সুযোগ।
তিনি বলেন, শিক্ষার্থীদের দেশের স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, গত ১৭ বছর জাতির সামনে একজন ব্যক্তির ইতিহাসকে প্রাধান্য দিয়ে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমকে ইতিহাস থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। তিনি দাবি করেন, সেই প্রচেষ্টা সফল হয়নি এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তি প্রত্যাখ্যাত হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারপ্রধান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে এগিয়ে যাচ্ছে। দেশের এই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন মহল নানা ধরনের ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেন। তরুণ প্রজন্মকে দেশের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় খুলনা মহানগরীর আহছানউল্লাহ্ কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন’ ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা আরও বলেন, আজকের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে পড়ালেখার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্লাস করা, শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও প্রতিভার পূর্ণ বিকাশ ঘটাতে হবে।
অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, তরুণ শিক্ষার্থীরা যাতে সঠিক দিকনির্দেশনা পায় এবং কুসংস্কার ও মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থেকে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারে, সে বিষয়ে সবাইকে সম্মিলিতভাবে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) শিক্ষা, সংস্কৃতি ও তরুণ প্রজন্মের কল্যাণে ইতিবাচক ভূমিকা রাখতে সর্বদা বদ্ধপরিকর।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল, খাতা ও কলম দিয়ে বরণ করে নেওয়া হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য আলী হাসান, মো. জাহাঙ্গীর আলম, কেএম আশরাফুল আলম নান্নুসহ অন্যান্যরা।
পরে কলেজ ক্যাম্পাসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৯৯২ সালে প্রতিষ্ঠিত বিভাগীয় শহর খুলনার ঐতিহ্যবাহী ও সুপ্রতিষ্ঠিত আহছানউল্লাহ্ কলেজকে জাতীয়করণের দাবি জানান কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।