রবিবার, ৩১ মে ২০২৬

শহর পরিচ্ছন্ন রাখার বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার জোরালো আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের

প্রকাশিত: রবিবার, মে ৩১, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) খিলগাঁও ও জুরাইন এলাকার কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে শহর পরিচ্ছন্ন রাখার বিষয়ে নাগরিকদের সচেতন হওয়ার জোরালো আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

টিভির পর্দায় বিদেশের পরিচ্ছন্ন সড়ক দেখে অনেকের মনে জাগা প্রশ্নের উল্লেখ করে তিনি বলেন, শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু সিটি করপোরেশন বা সরকারের একার নয়, বরং নাগরিকদেরও। উন্নত দেশের নাগরিকরা যেখানে-সেখানে ময়লা ফেলেন না বলেই তাদের রাস্তাঘাট পরিষ্কার থাকে। এ জন্য সরকারের কেউ হওয়া কিংবা মন্ত্রী-এমপি বা মেয়র-কমিশনার হওয়ার দরকার নেই। নাগরিক হিসেবে প্রত্যেকে নিজের পকেটে ময়লা রাখা কিংবা বাদামের খোসা নির্দিষ্ট স্থানে ফেলার মতো সাধারণ অভ্যাস গড়ে তুললেই শহর পরিচ্ছন্ন রাখা সম্ভব। নিজের পোশাকে দাগ লাগার সঙ্গে শহর নোংরা হওয়ার তুলনা করে তিনি বলেন, পরিষ্কার শার্টে চা বা খাবারের দাগ পড়লে যেমন খারাপ লাগে, তেমনি বসবাসের জায়গা ময়লা থাকলেও অস্বস্তি হওয়া উচিত। আমরা কম ময়লা করলে পরিচ্ছন্নতাকর্মীদের কাজও সহজ হয় এবং পরিবেশ ভালো থাকে।

কর্মসূচির বিভিন্ন স্থানে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সমাজের সচ্ছল ও সামর্থ্যবান মানুষদের নিজ নিজ অবস্থান থেকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি বলেন, শুধু রাজনৈতিক দল বা সরকারের ওপর নির্ভর না করে প্রতিটি সামর্থ্যবান মানুষ যদি একজন অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসে, তবে দ্রুতই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটানো সম্ভব।

নয়াপল্টনে সংক্ষিপ্ত বক্তব্যে দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে বিএনপি সব সময় সামর্থ্য অনুযায়ী দুস্থদের পাশে দাঁড়ায়, তবে দলীয় কর্মসূচির পাশাপাশি নেতা-কর্মীদের ব্যক্তিগত উদ্যোগেও মানুষের পাশে থাকা উচিত; আর এটাই শহীদ জিয়ার শিক্ষা। জিয়াউর রহমান এ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের রাজনীতি ও কাজের মাধ্যমে দেশ গঠনের যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণের আহ্বান জানান তিনি।

দেশ গঠনে সবার অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিশেষে বলেন, এই দেশ কোনো একক সরকার, রাজনৈতিক দল, পরিবার বা ব্যক্তির নয়। বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকটি মানুষই এই দেশের মালিক। তাই দেশকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হলে সবাইকে সচেতন হতে হবে। বর্তমান সরকার কর্মসংস্থান তৈরি, শিক্ষাসুবিধা বৃদ্ধি ও সচ্ছল মানুষের সংখ্যা বাড়াতে বিভিন্ন পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে কাজ করছে এবং রাজনৈতিক দল হিসেবে বিএনপিও সব সময় জনগণের পাশে থাকার চেষ্টা করবে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন