মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত: সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খানের নেতৃত্বে কাউন্সিলের চারজন পূর্ণকালীন সদস্য সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালের শুরুতে চেয়ারম্যানসহ কাউন্সিলের সকল সদস্য রাষ্ট্রপতির নিকট নিজ নিজ পরিচয় তুলে ধরেন।

কাউন্সিলের চেয়ারম্যান জানান, ২০১৭ সালে সংসদীয় আইনের মাধ্যমে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠিত হয় যেখানে কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যদের পদমর্যদা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সমপর্যায় নির্ধারিত হয়। এ সময় তিনি দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণ, বিশ্বমানের উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের উচ্চশিক্ষার গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের ভূমিকা ও কার্যক্রম তুলে ধরেন।
তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও একাডেমিক প্রোগ্রামের মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের গুরুত্ব, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর ও পারস্পরিক সহযোগিতা জোরদারের মাধ্যমে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে কাউন্সিলের চলমান উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
এ সময় কাউন্সিলের ক্রমবর্ধমান কার্যক্রমের পরিপ্রেক্ষিতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা ও সম্প্রসারণের লক্ষ্যে স্থায়ী অবকাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন চেয়ারম্যান। এ বিষয়ে তিনি কাউন্সিলের জন্য নিজস্ব জমি বরাদ্দ ও স্থায়ী ভবন নির্মাণে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি কাউন্সিলের সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন। তিনি দেশের উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি কাউন্সিলের জনবল সম্পর্কে জিজ্ঞাসা করলে, চেয়ারম্যান বর্তমানে জনবল অপ্রতুলতার বিষয়টি তাঁকে অবহিত করেন। বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও গতিশীল করতে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে কাউন্সিলের পূর্ণকালীন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ এমদাদুল হক, অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল, অধ্যাপক ড. মোঃ শাহ এমরান এবং অধ্যাপক ড. মোঃ ওয়াকিলুর রহমান।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন