শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রকাশিত: শুক্রবার, জুন ১৯, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে প্রস্তাবিত নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন ধাপে ধাপে নয়, এক ধাপেই কার্যকরের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি। শুক্রবার (১৯ জুন) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এই দাবি উত্থাপন করেন আহ্বায়ক আবদুল মালেক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘ ১১ বছর অতিবাহিত হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এখনো নবম পে-স্কেল থেকে বঞ্চিত। ২০১৫ সালের পর অধিকাংশ কর্মচারীর মৌলিক বেতনের কাঠামোয় তেমন কোনো পরিবর্তন হয়নি। এর ফলে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির এই বাজারে তাদের বাস্তব আয় ও ক্রয়ক্ষমতা ধারাবাহিকভাবে কমেছে।
বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিস্থিতিতে জাতীয় সংসদে নবম পে-স্কেল বাস্তবায়নের ঘোষণা কর্মচারীদের মধ্যে আশার সঞ্চার করলেও, এটি ধাপে ধাপে কার্যকরের আলোচনা তাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
সংগঠনটির দাবি, অতীতে কোনো পে-স্কেলের মূল বেতন দুইধাপের বেশি সময় নিয়ে বাস্তবায়ন করা হয়নি। ২০০৫ ও ২০০৯ সালের পে-স্কেল কয়েক ধাপে হলেও প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করা হয়েছিল। এছাড়া ২০১৫ সালের অষ্টম পে-স্কেল এক ধাপেই পুরোপুরি বাস্তবায়ন করা হয়। তাই এবারও এক ধাপে শতভাগ মূল বেতন বাস্তবায়ন করা প্রয়োজন।
এই সংকট নিরসনে সংবাদ সম্মেলন থেকে নবম পে-স্কেল এক ধাপে বাস্তবায়নের পাশাপাশি ২০১৫ সালে বাতিল হওয়া তিনটি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল, শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ চালু এবং টিফিন, শিক্ষা, চিকিৎসা ও যাতায়াত ভাতা সময়োপযোগী হারে বৃদ্ধির জোর দাবি জানানো হয়।