রবিবার, ২৮ জুন ২০২৬

দুইদিনব্যাপী ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

প্রকাশিত: শনিবার, জুন ২৭, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ সাংবাদিকদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার এবং ভুয়া তথ্য শনাক্তে সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে দুইদিনব্যাপী ‘ডিজিটাল সাংবাদিকতা, এআই ও ফ্যাক্টচেক বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’ শনিবার শুরু হয়েছে।

সকাল ৯টা ৪৫ মিনিটের সময় পিআইবির কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণটি শুরু হয়। প্রশিক্ষণটি আগামীকালও (২৮ জুন) চলবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের (এনইসি) সদস্য মারুফ কামাল খান। তিনি বলেন, বর্তমান বিশ্বে সাংবাদিকতার পরিধি ও কর্মপদ্ধতিতে দ্রুত পরিবর্তন এসেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা সংবাদ সংগ্রহ, তথ্য বিশ্লেষণ এবং কনটেন্ট তৈরিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করলেও এর ব্যবহার অবশ্যই নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাদার মানদণ্ডের আলোকে হতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিকতার মূল শক্তি সত্য, নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা। এআই কখনোই একজন সাংবাদিকের বিচার-বিশ্লেষণ, মানবিক বোধ এবং অনুসন্ধানী মনোভাবের বিকল্প হতে পারে না। বরং প্রযুক্তিকে সহায়ক হিসেবে কাজে লাগিয়ে তথ্য যাচাই এবং দ্রুততার সঙ্গে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের ওপর গুরুত্ব দিতে হবে।সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তারের ফলে ভুয়া খবর, বিভ্রান্তিকর তথ্য (Misinformation) ও অপতথ্য (Disinformation) বর্তমানে সাংবাদিকতার অন্যতম বড় চ্যালেঞ্জ। এ পরিস্থিতিতে ফ্যাক্টচেক কেবল একটি প্রযুক্তিগত দক্ষতা নয়, বরং সাংবাদিকতার মৌলিক দায়িত্ব।

জনগণের কাছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে প্রতিটি সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের সংস্কৃতি গড়ে তোলা; নতুন প্রজন্মের সাংবাদিকদের ডিজিটাল সাংবাদিকতা, এআই এবং ফ্যাক্টচেক বিষয়ে দক্ষ করে তুলতে নিয়মিত প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন মারুফ কামাল খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও মানবকণ্ঠের সম্পাদক শহীদুল ইসলাম।

প্রশিক্ষণের প্রথম দিনে রিসোর্সপার্সন হিসেবে সেশন পরিচালনা করেন ঢাকা পোস্ট-এর হেড অব নিউ মিডিয়া আরিফুল ইসলাম আরমান। তিনি ডিজিটাল সাংবাদিকতার পরিবর্তিত ধারা, এআইয়ের ব্যবহার এবং তথ্য যাচাইয়ের আধুনিক কৌশল নিয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

দুইদিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারী সাংবাদিকদের ডিজিটাল সাংবাদিকতা, এআইভিত্তিক টুলসের কার্যকর ব্যবহার, তথ্য যাচাই (ফ্যাক্টচেক), ভুয়া তথ্য শনাক্তকরণ এবং দায়িত্বশীল সংবাদ পরিবেশনের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়৷ আগামীকাল কর্মশালার দ্বিতীয় ও সমাপনী দিনের কার্যক্রম অনুষ্ঠিত হবে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন