শনিবার, ০৬ জুন ২০২৬
প্রকাশিত: শুক্রবার, জুন ৫, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের বিশ্রামাগারে সভা করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে মাইজভাণ্ডার দরবার শরীফ সংলগ্ন একটি বিশ্রামাগারে এ সভা করেন তারা।
এতে প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ ঘটনা জানতে পেরে রাতে অভিযান চালিয়ে ওই সভায় অংশ নেওয়া কয়েকজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মঞ্জুর আলমের অর্থায়নে মাইজভান্ডারী ভক্তদের জন্য প্রতিষ্ঠিত ও পরিচালিত ওই বিশ্রামাগারে সভার আয়োজন করে ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিটের প্রায় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দীর্ঘ সময় ধরে চলা এই সভার ছবি ও ভিডিও বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয় এবং প্রশাসনের টনক নড়ে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রোসাংগিরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহরিয়ার সাজু বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠন রাস্তার পাশে একটি ভবনে প্রাকাশ্যে সভা করার বিষয়টি প্রশাসন জানেনা বিষয়টি উদ্বেগের।’
এ বিষয়ে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, ছাত্রলীগের সভার বিষয়টি জানামাত্রই পুলিশ রাতে অভিযান চালিয়েছে। এ ঘটনায় জড়িত কয়েকজনকে ইতোমধ্যে আটক করা হয়েছে।বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।