সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
প্রকাশিত: সোমবার, নভেম্বর ২৩, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনার সালতা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত ও দীর্ঘমেয়াদি ব্যবস্থাপনার দাবিতে ২৩ নভেম্বর, ২০২৬ খুলনার ওয়েস্টার্ন ইন অডিটোরিয়ামে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) কর্তৃক ‘সালতা নদী রক্ষায় করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক আনোয়ারুল কাদির এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রানি খাতুন। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের ডেপুটি ডিরেক্টর সরদার শরিফুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাশে সুপ্রিম কোর্টের আইনজীবী ও বেলার লিগ্যাল কো-অর্ডিনেটর অ্যাড. এস. হাসানুল বান্না। এছাড়া পরিবেশ ও নদীবিষয়ক বিশেষজ্ঞ, সাংবাদিক, নাগরিক সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশগ্রহণ করেন। মূল প্রবন্ধ উপস্থাপনকালে অ্যাড, এস. হাসানুল বান্না বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, নদীটির দৈর্ঘ্য প্রায় ১৮ কিলোমিটার। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পানি নিষ্কাশন, কৃষি, মৎস্যসম্পদ ও স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে সালতা নদীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি সালতা নদীর প্রধান সংকট হিসেবে ব্যাপক পলি জমে নদীর নাব্যতা হ্রাস, অপরিকল্পিত পুনঃখনন, খননের পর উত্তোলিত মাটি নদীর তীরে ফেলে রাখা, নদীর দুই পাশে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে দখল ও দূষণ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবসহ মাছ ধরার জন্য চায়না দুয়ারি জাল ব্যবহারকে অভিহিত করেন। তিনি আরও বলেন, বর্তমানে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সালতা নদী পুনরুজ্জীবিত ও দখলমুক্তকরণের লক্ষ্যে ২২.৭৩৬২ কোটি টাকা ব্যায়ে একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। তিনি প্রকল্পটির যথাযথ বাস্তবায়ন, স্বচ্ছতা ও গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত পরিবীক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় বক্তারা বলেন, খুলনার ডুমুরিয়া উপজেলার গুরুত্বপূর্ণ নদী সালতা দখল, দূষণ, পলি জমে নাব্যতা হ্রাস, অপরিকল্পিত পুনঃখনন এবং কার্যকর রক্ষণাবেক্ষণের অভাবে ক্রমাগত সংকটের মুখে পড়ছে। এর ফলে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি পাশ্ববর্তী এলাকার পানি নিষ্কাশন, কৃষি, মৎস্যসম্পদ ও স্থানীয় জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতিতে সালতা নদীর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা, নদীর প্রকৃত সীমানা নির্ধারণ, অবৈধ খল ও দূষণ রোধ এবং টেকসই নদী ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানান বক্তারা। সভায় ডুমুরিয়া এলাকার বাসিন্দা সেলিম আক্তার স্বপন বলেন, সালতা নদীর প্রধান সমস্যা পলি, আমরা ১৯৯০ সাল থেকে ভুক্তভুগী। আমরা ওই সময়ই বলেছিলাম টিয়াবুনিয়ায় রেগুলেটর বসালে নদী মারা যাবে এবং আমরা তখন থেকেই এটি নিয়ে আন্দোলন করে আসছি। এই নদীতে আমরা দেখছি ২০০৭-২০০৮ সাল পর্যন্তও লঞ্চ চলেছে, লঞ্চ চলাচল বন্ধ হওয়ার পরপরই এই নদীটি মারা গেছে। মূলত ১৯৯৯-২০০০ সালে শোলমারী টেন ভেন্ট স্লুইস প্রকল্প হওয়ার ফলেই এই ৬০০ ফুট চওড়ার নদীটি মারা যায় বলে তিনি দাবি করেন। তিনি পলি ব্যবস্থাপনার প্রসঙ্গে টাইডাল রিভার ম্যানেজমেন্টের (টি আর এম) কথা বলেন, ন্যাশনাল ডেল্টা প্ল্যান অনুযায়ী টি আর এম যি করা হয় তাহলে নদীগুলা হয়তো আরও ৪০-৫০ বছর বাঁচবে। গণমাধ্যম প্রতিনিধি দীপঙ্কর রায় বলেন, ৬-৭ বছর আগেও শৈলমারী নদীর পানি প্রবাহ কিছুটা ঠিক ছিলো কিন্তু আজ নদী নেই। সি এস, আর এস এর মাধ্যমে নদীগুলোর সীমানা নির্ধারণ করতে হবে। কিছুদিন আগে আমরা ড্রোন সার্ভে করে নদীর জায়গা দখল করে প্রায় ৭০০ ঘের এর অবস্থান পেয়েছি। স্লুইসগেট অপসারণ করে এই নদীগুলোকে বাঁচাতে হবে। পরিবেশ সুরক্ষা মঞ্চের সুতপা বেদজ্ঞ সাধারণ সম্পাদক বলেন, সালতা নদীর বিভিন্ন অংশে বাধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে। তিনি চায়না জালের উৎপাদনকারীদের গ্রেফতার করার আহবান জানান। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রানি খাতুন বলেন, নদীর সাথে জীবন জড়িত। নদী দখলদার উচ্ছেদে সাংবাদিক, সুশীল সমাজ, এনজিও কর্মী ও স্থানীয় জনগন সহ সকলের সহযোগিতা প্রয়োজন। উচ্ছেদ কার্যক্রম করতে গেলে ম্যাজিস্ট্রেটরে বাধার শিকার হওয়ার প্রসংগ উল্লেখ করে তিনি উপস্থিত পরিবেশকর্মীদেরকে স্থানীয়ভাবে ম্যাজিস্ট্রেটদের বাঁধাহীন উচ্ছেদ কার্যক্রম পরিচালনায় সহায়তা করার জন্য আহবান জানান। তিনি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে প্রেশারাইজ সহ জবাবদিহিতার আওতায় রাখার জন্য জনগণের প্রতি আহবান জানান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম বলেন, খুলনা জেলায় ৪০টির মতো নদী আছে, সবগুলোকেই রক্ষা করতে হবে। ইতিমধ্যে ডুমুরিয়ার ৭টি নদী বিলীন হয়ে গেছে। একসময় ১৫,২০০০ হেক্টর কৃষি আবাযোগ্য জমি ছিলো কিন্তু এখন আবাদ হচ্ছে মাত্র ১১৭০০০ হেক্টর জমিতে। শৈলমারী, ভদ্রা, সালতা হারিয়ে যাচ্ছে বলে আমাদের ৩ ফসলি জমিগুলোও হারিয়ে যাচ্ছে। তাই দেশের কৃষিকে বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। ইতিমধ্যে তিল চাষ বন্ধ হয়ে গেছে, তরমুজ চাষও ঝুঁকির মধ্যে রয়েছে। পরিবেশ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর শরিফুল ইসলাম বলেন, নদীর প্রকল্পতে পরিবেশ সংরক্ষণের জন্য যে ফান্ড রাখা হয়েছে তা অপ্রতুল যে কারণে নদীর পাড়ে বনায়নটাই ঠিক মতো হয়না। সে বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। তাছাড়া যেহেতু এই ফান্ডে অর্থ কম তাই স্থানীয় বাসিন্দাদের যদি এখানে সম্পৃক্ত করা হয় তাহলে হয়তো এ বিষয়ে কিছুটা ফলপ্রসূ ফলাফল আশা করা যেতে পারে। তিনি পানি উন্নয়ন বোর্ড এর দৃষ্টি আকর্ষণ করে বলেন বাঁধ করার আগে বাঁধ ম্যানেজমেন্টে মনোযোগ দেওয়া প্রয়োজন। পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি আশরাফুল ইসলাম বলেন, এই অঞ্চলের সব গুলোই নদী সঙ্কটাপন্ন। সালতা নদীর প্রকল্পটির প্রায় ৬০ ভাগ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আমরা আশা করছি। এর সাথে কানেক্টেড ৫টি খালও খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই নদীতে মোট ৯৪টি অবৈধ স্থাপনা চিহ্নিত হয়েছে, সেগুলো উচ্ছেদের প্রক্রিয়া চলমান রয়েছে। নদীর সীমানা নির্ধারণে জেলা প্রশাসন, স্থানীয় জনগণ, নদী রক্ষা কমিশন, সুশীল সমাজ, বি আই ডব্লি টি এ সহ সবার মতামত নিতে হবে। নদীর নাব্যতা রক্ষার্থে পলি ব্যবস্থাপনার বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করতে হবে। তিনি আরো বলেন, অকার্যকর স্লুইসগেট গুলো আমরা চিহ্নিত করেছি সেগুলো নিয়ে অতি শীঘ্রই সেগুলো সচল করার কাজ শুরু হবে। সভাপতির বক্তব্যে অধ্যাপক আনোয়ারুল কাদির বলেন, এই অঞ্চলের সবগুলো নদী নিয়ে সমন্বিত পরিকল্পনা করতে হবে। নদীর উৎসমুখ ও পতনমুখ ক্লিয়ার করতে হবে। তানাহলে প্রবাহ নিশ্চিত হবেনা। নদীতে স্লুইসগেট থাকবেনা। জীবন্ত স্বত্তা হওয়ায় নদীকে লীজ দেয়া যাবে না। নদীর পুনঃখনন প্রকল্প নেওয়ার সময়ই মাটি ব্যবস্থাপনার পরিকল্পনা নিতে হবে। বালুমহলের মতো মাটিমহলের ব্যবস্থাপনা করা যেতে পারে। স্থানীয় বাসিন্দাদের ট্র্যাডিশনাল নলেজকে কাজে লাগিয়ে প্রকল্প গ্রহণ করতে হবে।