সোমবার, ১২ অক্টোবর ২০২৬

খুলনার ছাত্রদলের নেতা খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত: রবিবার, অক্টোবর ১১, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান।

সম্প্রতি খুলনায় চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর তিনি তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে সাইফুলের চিকিৎসার ব্যবস্থা গ্রহণসহ সার্বিক খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংযুক্ত অধ্যাপক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহর তত্ত্বাবধানে খান সাইফুলের চিকিৎসার কার্যক্রম শুরু হয়।

রবিবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পরিচালক অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খানের অধীনে খান সাইফুলকে ভর্তি করা হয়।

সাইফুলের চিকিৎসার বিষয়ে অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান জানান, আগামী দুই-এক দিনের মধ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। তাঁর চিকিৎসার কার্যক্রমও অব্যাহত থাকবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অ্যানেসথেশিয়া বিভাগের প্রধান অধ্যাপক ডা. এ জেড এম সাইফউদ্দিন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন (মিথুন), ড্যাবের আইনবিষয়ক সম্পাদক ডা. এম. আর. হাসান, আবাসিক চিকিৎসক ডা. মো. মাজহারুল ইসলাম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ডা. জহিরুল ইসলাম, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান এবং শেকৃবি ছাত্রদল নেতা শোআইব ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০১৩ সালে তৎকালীন সরকারের আমলে পুলিশের নির্যাতনের শিকার হওয়ার পর থেকে খান সাইফুল দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন বলে উল্লেখ করা হয়েছে। এর আগে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন