বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।
বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে অনলাইনে দেশের ৫০৩টি উপজেলায় এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর আগে বিকেল ৩টা ৪৫ মিনিটে খুলনা জেলা স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে প্রবেশের পর গ্যালারিতে অবস্থান নেওয়া শিশু-কিশোর ও ক্রীড়াবিদদের কাছে এগিয়ে যান তিনি। তাঁকে কাছে পেয়ে হাজারো শিশু-কিশোর করতালি ও হাত নেড়ে অভিবাদন জানায়। প্রধানমন্ত্রীও তাদের অভিবাদনের জবাব দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। স্টেডিয়ামজুড়ে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিকেএসপির শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন প্রধানমন্ত্রী। এ ছাড়া চীনা শিক্ষার্থীদের পরিবেশিত দেশটির ঐতিহ্যবাহী ড্রাগন ড্যান্স ও লায়ন ড্যান্সও উপভোগ করেন তিনি।
অনুষ্ঠান শেষে স্টেডিয়াম প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী।
এবারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ সারা দেশ থেকে অনলাইনে নিবন্ধন করেছে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন প্রতিযোগী। আগের আটটি ইভেন্টের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে ভলিবল ও টেবিল টেনিস। ফলে মোট ১০টি ক্রীড়া ইভেন্টে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা।
‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে আয়োজিত এ প্রতিযোগিতার প্রথম আসর গত ২ মে সিলেটে উদ্বোধন করা হয়েছিল।