মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

খুবির এসডব্লিউই ডিসিপ্লিনের গবেষণার ফলাফল বিনিময় বিষয়ক সেমিনার

প্রকাশিত: মঙ্গলবার, জুন ৩০, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট (এসডব্লিউই) ডিসিপ্লিনের উদ্যোগে ‘রিসার্চ ফাইন্ডিংস শেয়ারিং’ শীর্ষক এক সেমিনার ৩০ জুন (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টারের পরিচালক প্রফেসর ড. কাজী মোহাম্মদ দিদারুল ইসলাম এবং সয়েল রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এসআরডিআই)-এর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার জি এম মোস্তাফিজুর রহমান। এসডব্লিউই ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জাবের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন প্রফেসর ড. শেখ মোতাসিম বিল্লাহ।
বক্তারা বলেন, গবেষণালব্ধ ফলাফল শুধু বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে সীমাবদ্ধ রাখলে চলবে না, তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। বিশেষ করে কৃষিজীবীদের সঙ্গে গবেষণার কার্যকর সমন্বয় ঘটিয়ে কীভাবে গবেষণার সুফল মাঠপর্যায়ে পৌঁছানো যায়, সে বিষয়ে আরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে গবেষণার ফলাফল সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং গবেষণাকে সমাজ ও উন্নয়নের সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত করার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
সেমিনারে গবেষণার বিভিন্ন ফলাফল উপস্থাপন করেন প্রফেসর ড. শেখ মোতাসিম বিল্লাহ, সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম, সহকারী অধ্যাপক এস এম শাহরিয়ার জামান এবং সহকারী অধ্যাপক শারমিন সুলতানা।
সেমিনারে এসডব্লিউই ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক এবং কৃষিজীবীরা অংশগ্রহণ করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন