শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশিত: শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, বিএনপি জনগণের সরকার। আমাদের একটি লক্ষ্য অর্থাভাবে কোন মেধাবী শিক্ষার্থীর লেখাপড়া থেমে না যায়। আমরা নিশ্চিত করতে চাই প্রত্যেকটি মেধাবী শিক্ষার্থী যেন কুঁড়ি থেকে ফুল হয়ে ফুটতে পারে। অর্থাৎ যে শিক্ষার্থী পড়তে চায় তার মেধা ও যোগ্যতা অনুযায়ী সে যেন সর্বোচ্চ পর্যায়ে পড়ালেখা শেষ করতে পারে এটি নিশ্চিত করতে চায় প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি শুক্রবার সকালে যশোর সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে দুস্থ ও অসহায় পরিবার এবং গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে প্রাপ্ত এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অর্থের অভাবে কারো চিকিৎসা হবেনা, এটি হবে না। আমরা সকলের জন্য সরকারি পর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে চাই। যাদের আর্থিক সংগতি নেই, সরকার তাদের জন্য সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, আগামী বছর জুনের আগে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে করোনারি ইউনিট চালু হবে। করোনারি ইউনিটসেবা চালুর পর সরকারিভাবে ডায়ালাইসিস ইউনিট চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের।
যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে যশোর জেলা পরিষদের প্রশাসক সৈয়দ দেলোয়ার হোসেন খান খোকন, চেম্বার অব কমার্সের সভাপতি মো: মিজানুর রহমান খান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী একশত অসহায় পরিবার এবং একশত মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ টাকার চেক বিতরণ করেন।