শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি), খুলনা-এর প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা এবং সরকারি সুন্দরবন কলেজ, খুলনার অধ্যক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলী-এর সঙ্গে সি ইউ সি পরিবারের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সি ইউ সি-এর চলমান শিক্ষা, সামাজিক ও মানবিক কার্যক্রম এবং সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আন্তরিক মতবিনিময় হয়। এ সময় প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা প্রফেসর মোঃ জাহাঙ্গীর আলী সি ইউ সি-এর বিভিন্ন কার্যক্রমের খোঁজখবর নেন এবং সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়ে মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন।
সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন সি ইউ সি-এর সভাপতি মোঃ শাহিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ ইসলাম খুকুমণি এবং সদস্যদের মধ্যে মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, এহসানুল হক, সুখী আক্তার, রেজওয়ানা, শাহীন ও পবন রায়।
সি ইউ সি-এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা নিশ্চিতকরণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সম্মিলিত প্রচেষ্টা ও অভিজ্ঞজনদের পরামর্শকে কাজে লাগিয়ে এসব কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড (সি ইউ সি), খুলনা
“সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন”