সোমবার, ০৯ নভেম্বর ২০২৬

খুলনা বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার

প্রকাশিত: সোমবার, নভেম্বর ৯, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ আগামীকাল মঙ্গলবার সকাল ১০টায় খুলনা বিভাগীয় বইমেলার উদ্বোধন অনুষ্ঠিত হবে। মেলাটি আগামীকাল থেকে ১৮ নভেম্বর পর্যন্ত নয় দিনব্যাপী নগরীর বয়রাস্থ বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে সোমবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন বক্তব্য রাখেন।

প্রেস কনফারেন্সে বিভাগীয় কমিশনার বলেন, জ্ঞানমনস্ক আলোকিত জাতি গঠনে বই পড়ার কোন বিকল্প নেই। সাধারণ মানুষের মধ্যে পাঠাভ্যাস বৃদ্ধি তথা জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণই এ বইমেলার লক্ষ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে সরকার দেশব্যাপী বিভাগীয় পর্যায়ে সৃজনশীল বইমেলার আয়োজন করছে। তারই ধারাবাহিকতায় খুলনা বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তিনি আরও বলেন, বই পড়লে আমাদের মনে জন্ম নেয় আনন্দ-বেদনার কাব্যিক ও দার্শনিক সত্যবাদ। যা কর্মক্লান্ত দিনের ব্যস্ততা ও ক্লান্তি দূর করে, সাথে সাথে নানা বিষয়ে জ্ঞান দান করে।

প্রেস কনফারেন্সে জানানো হয়, বইমেলা প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত এবং সরকারি ছুটির দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, স্বরচিত কবিতা পাঠ এবং শিশু-কিশোরদের জন্য কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। মেলা প্রাণবন্ত করতে ‘সংস্কৃতি ও নৈতিকতা’, ‘মানবতাবাদ ও বিশ্ব শান্তি’ এবং ‘বাংলাদেশী জাতীয়তাবাদ এবং বহুদলীয় গণতন্ত্র’ বিষয়ে তিনদিনে তিনটি সেমিনারের আয়োজন রাখা হয়েছে। এছাড়া মেলা থেকে বই ক্রয়কারীদের মাঝে প্রতিদিন কুপনের মাধ্যমে তিনজনকে পুরস্কৃত করার ব্যবস্থা থাকছে। এবারের বইমেলায় মোট ৯০টি স্টল রয়েছে। ঢাকা থেকে আগত প্রকাশনাগুলোর জন্য ৭১টি, বিভাগীয় ও জেলা অফিসের জন্য নয়টি, পুলিশ কন্ট্রোলরুম, তথ্য কেন্দ্র, নার্সারি, পাঠক আড্ডা ও গণমাধ্যমকর্মীদের জন্য একটি করে স্টল থাকছে। এছাড়া পাঁচটি খাবার স্টল থাকবে। প্রকাশনীর স্টলগুলোতে তারা নিজেদের প্রকাশিত বইগুলো প্রদর্শন ও বিক্রি করবে।

প্রেস কনফারেন্সে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলমসহ খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ারকর্মীরা উপস্থিত ছিলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায়, জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় এবং সৃজনশীল প্রকাশনার সহযোগিতায় এই বইমেলা অনুষ্ঠিত হবে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন