মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
প্রকাশিত: সোমবার, জুলাই ২০, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ জাতীয় মানবিক উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের সহযোগিতায় মুসলিম এইড অস্ট্রেলীয়ার অর্থায়নে খুলনায় এতিম শিশুদের মাঝে খাদ্য,শিক্ষা স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার খুলনার রহুমা সমাজকল্যাণ সোসাইটির মিলনায়তনে অনুষ্ঠিত ‘অরফ্যান কেয়ার
প্রোগ্রাম-২৬’-এর আওতায় ২৬ জন এতিম শিশুর হাতে তিন মাসের খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, শিক্ষা উপকরণ, ক্রীড়া সামগ্রী, পোশাক ও মৌসুমি ফল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সভাপতি রাশিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর খুলনা প্রতিনিধি মো. নুরুজ্জামান। এছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এ মুকুল।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৩০ কেজি চাল, ৬ লিটার সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি মিল্ক পাউডার, তিনটি জার হরলিক্স, তিন প্যাকেট নুডলস, ১.৫ কেজি বাদাম, তিনটি জার বিস্কুট, ৬ কেজি মৌসুমি ফল এবং তিন বক্স চকোলেট। এসব খাদ্যসামগ্রী তিন মাসের জন্য বরাদ্দ করা হয়েছে।
এছাড়া হাইজিন প্যাকের আওতায় টুথব্রাশ, টুথপেস্ট, গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, চিরুনি, নেইল কাটার, হ্যান্ডওয়াশ, বডি লোশন ও পেট্রোলিয়াম জেলি বিতরণ করা হয়। একই সঙ্গে শিশুদের জন্য বই, খাতা, পেন্সিল, কলম, রঙ পেন্সিল, পেন্সিল বক্স, আর্ট বই, আর্ট ফ্রেম, স্কুল ব্যাগ, ছাতা ও নবী-রাসূল সিরিজের বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য পৃথকভাবে পোশাক, স্কুল জুতা ও মোজা বিতরণের ব্যবস্থাও রাখা হয়েছে, যা বছরে একবার প্রদান করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। শিশুদের শিক্ষা, পুষ্টি ও সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ দেশের বিভিন্ন জেলায় ‘অরফ্যান কেয়ার প্রোগ্রাম’-এর আওতায় এতিম শিশুদের জন্য খাদ্য, শিক্ষা ও স্বাস্থ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।