মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার সকাল থেকে ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মহানগরীর বিভিন্ন হাসপাতাল ও কেসিসি কর্তৃক স্থাপিত মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শন করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় মহানগরীর ডেঙ্গু সংক্রমণ মোকাবেলায় খুলনা সিটি কর্পোরেশন নগর জুড়ে পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিয়ন্ত্রণে বিশেষ কার্যক্রম পরিচালনা করছে। তিন মাসের এ বিশেষ কর্মসূচির দুই মাস ইতোমধ্যে অতিবাহিত হয়েছে। আগামী এক মাসের জন্য কি কি কর্মসূচি গ্রহণ করা প্রয়োজন তা নির্ধারণে তিনি হাসপাতাল ও মেডিকেল ক্যাম্পসমূহ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে প্রশাসক বলেন, বর্তমানে ডেঙ্গু সংক্রমণের হার প্রায় ৯০ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু কয়েকটা অঞ্চল যেমন খালিশপুরের দুইটা ওয়ার্ডে ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে একটু খারাপ হয়েছে। ডেঙ্গু সংক্রমণ হ্রাসে উক্ত এলাকায় পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ কাজের পরিধি আরো বৃদ্ধি করা হবে। আগামী এক মাসের মধ্যেই খুলনাকে ডেঙ্গুমুক্ত ঘোষণা করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রশাসক সকাল থেকে ২৫০ শয্যা বিশিষ্ট খুলনা জেনারেল হাসপাতালসহ ১০নং ওয়ার্ডের লাল হাসপাতালে, ২৫ নং ওয়ার্ডের ঋষিপাড়ায় আঞ্চলিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এবং ২৯ নং ওয়ার্ড কার্যালয়ে স্থাপিত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীর সংখ্যা ও চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো: রফিকুল ইসলাম গাজী, কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলামসহ ক্যাম্পসমূহের সংশ্লিষ্ট চিকিৎসক, কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।