বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ অবশেষে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে মৌসুমের প্রথম পর্যটকবাহী জাহাজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রথম দিন ৮৩৬ পর্যটক নিয়ে দ্বীপের উদ্দেশে যাত্রা করেছে একটি জাহাজ।
সকাল ৭টা ৫০ মিনিটের দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়ারছড়া ঘাট থেকে এমভি বারো আউলিয়া জাহাজটি সেন্টমার্টিনের উদ্দেশে ছেড়ে যায়। এর মধ্য দিয়ে পর্যটন মৌসুম শুরুর চারদিন পর আনুষ্ঠানিকভাবে সচল হলো সেন্টমার্টিনের নৌপথ।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে জাহাজ চলাচল শুরু হয়েছে।
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য দ্বীপ ভ্রমণের সুযোগ থাকলেও প্রশাসনিক অনুমোদন, নৌযান চলাচলের ছাড়পত্র এবং পরিবেশগত শর্ত পূরণ নিয়ে জটিলতায় নির্ধারিত সময়ে জাহাজ চলাচল শুরু করা যায়নি।
প্রথম দিন একটি জাহাজে আট শতাধিক পর্যটক যাত্রা করেছেন। তবে অনুমোদন পাওয়া তিনটি জাহাজের সম্মিলিত যাত্রী ধারণক্ষমতা ২ হাজার ২৯৮ জন।
এর মধ্যে এমভি বারো আউলিয়ায় ৮৫০ জন, এমভি কর্ণফুলীতে ৭৩২ জন এবং এমভি টেকনাফে ৭১৬ জন যাত্রী পরিবহনের সক্ষমতা রয়েছে।
জাহাজগুলোর নির্ধারিত সময়সূচি অনুযায়ী, এমভি বারো আউলিয়ার সকাল ৭টায় কক্সবাজার থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করার কথা। দ্বীপ থেকে ফেরার কথা দুপুর আড়াইটায়।
এমভি কর্ণফুলী সকাল ৭টা ১৫ মিনিটে ছেড়ে গিয়ে ফিরবে দুপুর ২টা ১৫ মিনিটে। আর এমভি টেকনাফ সকাল ৮টা ১৫ মিনিটে যাত্রা শুরু করে বিকেল সাড়ে ৩টায় দ্বীপ থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবে।