মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
প্রকাশিত: সোমবার, জুন ২৯, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা এবং বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক র্যাংকিংয়ে অগ্রগতির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ‘অ্যাডভান্সিং কুয়েট টুওয়ার্ডস গ্লোবাল এক্সেলেন্স: ইউনিভার্সিটি র্যাঙ্কিং -ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি), কুয়েট এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. এ. বি. এম. আওলাদ হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ রিজভী কায়সার। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন “বর্তমান বিশ্বে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষতা নির্ধারণে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং মানসম্পন্ন শিক্ষা, গবেষণা, আন্তর্জাতিক প্রকাশনা, উদ্ভাবন, শিল্প-একাডেমিয়া সহযোগিতা এবং কার্যকর প্রশাসনিক সেবার সমন্বিত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুয়েটকে বিশ্বমানের একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং কোনো একদিনের অর্জন নয়; এটি একটি ধারাবাহিক, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি প্রচেষ্টার ফল।” তিনি আরও বলেন, “টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজিস), চতুর্থ শিল্পবিপ্লবের চাহিদা এবং বৈশ্বিক জ্ঞানভিত্তিক অর্থনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে দক্ষ প্রকৌশলী, গবেষক ও উদ্ভাবক তৈরির মাধ্যমে কুয়েটকে আন্তর্জাতিক অঙ্গনে আরও সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে হবে।”
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ মাহবুব হাসান এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ড. মেহেদী হাসান (জুয়েল) এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবু জাকির মোর্শেদ। তাঁরা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র্যাঙ্কিং এর বিভিন্ন সূচক, গবেষণা ও প্রকাশনা বৃদ্ধি, আন্তর্জাতিক সহযোগিতা, ডেটা ব্যবস্থাপনা এবং মানোন্নয়নের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানগণ, দপ্তরপ্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।