মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশিত: সোমবার, জুন ২২, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে কুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং সেবাগ্রহণকারীরা আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে বিভিন্ন ফি, বেতন, ভাতা এবং অন্যান্য চার্জের লেনদেন সম্পন্ন করতে পারবেন।
সোমবার (২২ জুন ২০২৬) দুপুর ১২:০০টায় কুয়েটের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। এ সময় তিনি বলেন, এই চুক্তি কুয়েট এবং জনতা ব্যাংকের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার পরিধি সম্প্রসারণে এবং বিশ্ববিদ্যালয়ের লেনদেন ব্যবস্থাকে আরও আধুনিক, দক্ষ ও ব্যবহারকারী-বান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সমঝোতা স্মারকের আওতায় কুয়েটের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সেবাগ্রহণকারীরা জনতা ব্যাংকের অনলাইন ও মোবাইল ব্যাংকিং প্ল্যাটফর্ম (যেমন জনতা-পে ও ই-জনতা) ছাড়াও ভিসা, মাস্টারকার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস কার্ড এবং জনপ্রিয় মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, রকেট ও নগদ)-এর মাধ্যমে বিভিন্ন ধরনের অর্থনৈতিক লেনদেন সম্পন্ন করতে পারবেন। ফলে লেনদেন প্রক্রিয়া আরও স্বয়ংক্রিয়, সহজ এবং সময়সাশ্রয়ী হবে।
সমঝোতা স্মারকে কুয়েটের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভূঞা এবং জনতা ব্যাংক পিএলসি-এর পক্ষে মহাব্যবস্থাপক (ইনচার্জ) আবুল কালাম আজাদ স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে কুয়েটের ডীনবৃন্দ, ইনস্টিটিউট পরিচালকবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জনতা ব্যাংক পিএলসি-এর উপ-মহাব্যবস্থাপক মোঃ জাকির হোসেন, কুয়েট কর্পোরেট শাখার সহকারী মহাব্যবস্থাপক মঞ্জুয়ারা এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।