সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

খুলনায় জলবায়ু সহনশীল শীতলীকরণ স্থান ও দুর্যোগ সহনশীল অবকাঠামো গড়ে তোলার সম্ভাবতা যাচাই সম্পর্কিত কর্মশালা

প্রকাশিত: রবিবার, নভেম্বর ২২, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ খুলনা শহরে জলবায়ু-সহনশীল শীতলীকরণ স্থান ও দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার সম্ভাবতা যাচাই সম্পর্কিত এক কর্মশালা রবিবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের চেয়ারম্যান ও কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সুইস রেড ক্রসের আর্থিক সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ক্লিন সিটিজ (থ্রিসি)’ প্রকল্পের আওতায় ‘ছায়াবীথি—ক্লাইমেট রেসপনসিভ যাত্রী ছাউনি’ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় প্রশাসক বলেন, নগরবাসীর চাহিদার সাথে সংগতি রেখে স্থাপনাগুলি নির্মাণ করতে হবে এবং পরিবেশ সুরক্ষার বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। শহরের অনেক স্কুল ও কলেজের সামনে শেড না থাকায় বর্ষা ও খরা মৌসুমে অভিভাবকগণ খুবই অসুবিধার সম্মুখীন হন। রেড ক্রিসেন্ট যে সকল স্থানে শেড বাস্তবায়নে করতে না পারবে সেখানে সিটি করর্পোরেশন কর্তৃক কর্মসূচি গ্রহণ করতে হবে। পরিচ্ছন্ন কার্যক্রম পরিচালনার পর বিভিন্ন স্থানে উম্মুক্ত জায়গা বের হয়েছে তার মধ্যে কোন কোন স্থানে শেড নির্মাণ করা সম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন সাপেক্ষে স্থান নির্ধারণের জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান।

কর্মশালায় খুলনা শহরের ক্রমবর্ধমান তাপমাত্রা, তীব্র তাপপ্রবাহ, জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এবং নগরবাসীর জন্য নিরাপদ ও স্বস্তিদায়ক গণপরিবহনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নগরীর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল ও যাত্রীদের জন্য জলবায়ু-সহনশীল শীতলীকরণ স্থান এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলার সম্ভাবনা, প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন কৌশল নিয়ে মতবিনিময় করা হয়।

‘ছায়াবীথি’ উদ্যোগের মূল লক্ষ্য হলো নগরবাসী, বিশেষ করে পথচারী, গণপরিবহনের যাত্রী, প্রবীণ ব্যক্তি, নারী, শিশু এবং তাপপ্রবাহের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর জন্য পরিবেশবান্ধব, নিরাপদ ও আরামদায়ক যাত্রী ছাউনি তৈরি করা। একই সঙ্গে এসব স্থাপনাকে জলবায়ু পরিবর্তন ও সম্ভাব্য দুর্যোগের প্রভাব মোকাবিলায় সক্ষম করে তোলার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারীরা খুলনা নগরীর বাস্তবতা, স্থানীয় জনগণের প্রয়োজন, উপযুক্ত স্থান নির্বাচন, অবকাঠামোগত নকশা, পরিবেশবান্ধব উপকরণ এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন নিয়ে তাঁদের মতামত ও সুপারিশ তুলে ধরেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, হংকং রেড ক্রসের সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর জো লাম এবং ইন্টারন্যাশনাল রিলিফ অ্যান্ড সার্ভিস অফিসার উইন্ডি চং এবং প্রজেক্ট ম্যানেজার মোসলেহ উদ্দিন। বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, খুলনা সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট অংশীজনের সমন্বিত উদ্যোগে ‘ছায়াবীথি’ খুলনা শহরে জলবায়ু-সহনশীল নগরায়ণ, জনবান্ধব গণপরিবহন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে একটি কার্যকর ও টেকসই মডেল হিসেবে ভূমিকা রাখবে বলে কর্মশালায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন