মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশিত: সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ ১৬ নভেম্বর ২০২৬ তারিখ বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা-২০২৬’ রাঙামাটিস্থ কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি এবং রাঙামাটি-১ আসনের সংসদ সদস্য জনাব দীপেন দেওয়ান, এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত মোট ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা। অন্যদিকে, মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার, তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর পলি খাতুন।
উল্লেখ্য, দেশের সাঁতার অঙ্গনের উন্নয়ন ও আন্তর্জাতিক মানের সাঁতারু তৈরির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান সাঁতারুদের খুঁজে বের করে যথাযথ প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতার মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাঁতারু হিসেবে গড়ে তুলতে ‘সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ-২০২৫’ শীর্ষক ট্যালেন্ট হান্ট কর্মসূচি গ্রহণ করেছে। এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে অলিম্পিকসহ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী বিশ্বমানের সাঁতারু তৈরির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে বাংলাদেশ নৌবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।