সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত: রবিবার, নভেম্বর ১৫, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

রবিবার (১৫ নভেম্বর ২০২৬) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের পঞ্চম কার্যদিবসে জাতীয় সংসদ ভবন প্রত্যক্ষ করতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।

শিক্ষার্থীদের মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৪১ জন শিক্ষার্থী, ৬ জন শিক্ষক ও অভিভাবক; দ্য আগা খান একাডেমির ২৭ জন শিক্ষার্থী ও ৬ জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও ২ জন শিক্ষক।

শিক্ষার্থীদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী নতুন প্রজন্মের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় আগ্রহী হয়ে ওঠার প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষভাবে গুরুত্ব দিতে বলেন-

প্রথমত, পরিচ্ছন্নতা: নিজেদের শহর, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি। ময়লা-আবর্জনা যেখানে-সেখানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।

দ্বিতীয়ত, বৃক্ষরোপণ: বর্ষাকালে নিজের কিংবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

তৃতীয়ত, প্রাণীর প্রতি সদয় আচরণ: পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় ও মানবিক আচরণ করার আহ্বান জানান তিনি।

এর আগে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে অংশ নেন, সংসদ লাইব্রেরি পরিদর্শন করেন এবং জাতীয় সংসদের অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করেন। পরে সংসদ ভবনের উত্তর প্লাজায় ফটোসেশনে অংশ নেন তাঁরা।

এ সময় তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন