শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ যশোরে অবস্থিত বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান-এ বৃহস্পতিবার (১২-১১-২০২৬) বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কোর্সে উত্তীর্ণ কর্মকর্তাদের অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন যে, বেসিক কোর্সে অর্জিত জ্ঞান কর্মকর্তাদের ভবিষ্যৎ উড্ডয়ন কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
উল্লেখিত, বেসিক জেট ও ফাইটার এবং বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সসমূহে বাংলাদেশ বিমান বাহিনীর ৩৯ জন কর্মকর্তা- ১৫ নং স্কোয়াড্রন থেকে ১৪ জন ও ১৮ নং স্কোয়াড্রন থেকে ২৫ জন বৈমানিক অংশগ্রহণ করে সফলভাবে কোর্স সম্পন্ন করেন। উল্লেখ্য, কে-৮ ডব্লিউ বিমান দ্বারা পরিচালিত বেসিক জেট ও ফাইটার কনভার্সন কোর্সে বিমান বাহিনীর বৈমানিকদের যুদ্ধবিমান পরিচালনার রণকৌশল প্রশিক্ষণ প্রদান করা হয়। একইভাবে, বেসিক হেলিকপ্টার কনভার্সন কোর্সে বেল-২০৬ এবং এডব্লিউ-১১৯ হেলিকপ্টার দ্বারা হেলিকপ্টার পরিচালনার বিভিন্ন রণকৌশলের প্রশিক্ষণ প্রদান করা হয়।
উল্লেখ্য যে, উক্ত সফরকালে বিমান বাহিনী প্রধান বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটিতে ক্ষুদ্রাস্ত্রের ফায়ারিং রেঞ্জ (Small Arms Firing Range) উদ্বোধন করেন।