বুধবার, ২১ অক্টোবর ২০২৬
প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ২০, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনী এ্যাসল্ট কোর্স প্রতিযোগিতা ২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার সদর দপ্তর ১০ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে রামু সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো: মাইনুর রহমান, ওএসপি, এসইউপি, এডব্লিউসি, পিএসসি উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এই প্রতিযোগিতায় ৬৬ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড দল রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়াও, প্রতিযোগিতায় বিশেষ পারদর্শিতা প্রদর্শনের মাধ্যমে ১১ পদাতিক ডিভিশন দলের ল্যান্স কর্পোরাল (ডিএমটি) হাবিবুর রহমান শ্রেষ্ঠ খেলোয়াড় এবং ১০ পদাতিক ডিভিশন দলের সৈনিক মো: জাহিদুল ইসলাম দ্বিতীয় শ্রেষ্ঠ খেলোয়াড় হওয়ার কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য, গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখ হতে শুরু হওয়া উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের মোট ১৭টি দল অংশগ্রহণ করে।
সমাপনী অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া; সেনাসদর ও কক্সবাজার এরিয়ার উর্ধ্বতন সেনাকর্মকর্তাগণ; অংশগ্রহণকারী খেলোয়াড়বৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।