শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে খুলনা-৬ আসনের সাবেক সংসদ সদস্য মো. রশীদুজ্জামান মোড়লের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ বিবৃতিতে দুদক মহাপরিচালক নাজমুল হাসান এসব তথ্য জানিয়েছে।
একই সঙ্গে তিনি জাতীয় সংসদ ভবনের শব্দযন্ত্র মেরামত ও স্বাস্থ্য খাতে চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় শত কোটি টাকা আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধানের অগ্রগতিও তুলে ধরেন।
দুদক জানায়, রশীদুজ্জামান মোড়ল ২০২৪ সালের ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে খুলনা-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। আসনটি খুলনার কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে গঠিত।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৬ অক্টোবর পটুয়াখালীর মহিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। সে সময় র্যাব জানিয়েছিল, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্য আইনের তিনটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এবার তার বিরুদ্ধে আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
তবে তার বিরুদ্ধে কত টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে, তা ব্রিফিংয়ের দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি।