শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

ব্যক্তি সম্পদে রাস্তা নির্মাণের চেষ্টা, দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় জিডি

প্রকাশিত: শুক্রবার, আগস্ট ২১, ২০২৬

খুলনার ডুমুরিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ব্যক্তিগত সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে ঘরের ভিত ও গাছপালা কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় শ্যামল কুণ্ডু (৫০) ও বিমল কুণ্ডু (৬৫) নামের দুই ব্যক্তির বিরুদ্ধে ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিপ্লব কুণ্ডু (৩২)।

জিডিতে বিপ্লব কুণ্ডু উল্লেখ করেন, ডুমুরিয়া উপজেলার শাহপুর মৌজার খতিয়ান নম্বর ৯৩২ ও ৯৩৩ এবং দাগ নম্বর ৩০৩-এর ০.২০ একর জমি নিয়ে তাদের পরিবারের সঙ্গে শ্যামল কুণ্ডু ও বিমল কুণ্ডুর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে অভিযুক্তরা তাদের সম্পত্তির ওপর দিয়ে রাস্তা নির্মাণের চেষ্টা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছেন।

জিডিতে আরও বলা হয়, বিষয়টি স্থানীয়ভাবে কয়েক দফা শালিস-মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা কোনো শালিস মানেননি। এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৫ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে শ্যামল কুণ্ডু ও বিমল কুণ্ডু তাদের সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে ঘরের ভিতসহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করেন।

এ সময় বিপ্লব কুণ্ডু ও তার স্বজনরা রাস্তা নির্মাণের কারণ জানতে চাইলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে অশ্লীল ভাষায় গালাগালি করেন বলে জিডিতে অভিযোগ করা হয়েছে। গালাগালি করতে নিষেধ করলে তারা ঠেলাধাক্কা দিয়ে ফেলে দেন এবং রাস্তা নির্মাণে বাধা না দেওয়ার জন্য প্রাণনাশসহ বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।

ঘটনার সময় বিশ্বজিৎ কুণ্ডু, গৌরব কুণ্ডু ও তাপশ কুণ্ডুসহ স্থানীয় আরও কয়েকজন উপস্থিত ছিলেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

বিপ্লব কুণ্ডু জানান, ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। পরে আত্মীয়স্বজনের সঙ্গে আলোচনা করে ভবিষ্যতে নিরাপত্তা ও আইনগত বিষয় বিবেচনায় ডুমুরিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ বিষয়ে বিপ্লব কুণ্ডু বলেন, “আমাদের সম্পত্তির ওপর জোরপূর্বক রাস্তা নির্মাণের চেষ্টা করা হচ্ছে। আমরা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছি। কিন্তু অভিযুক্তরা তা মানছেন না। ভবিষ্যতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে জন্য থানায় জিডি করেছি।”

অভিযোগের বিষয়ে শ্যামল কুণ্ডু ও বিমল কুণ্ডুর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন