শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
প্রকাশিত: শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে Clean Up Youth Climate Action-এর উদ্যোগে শুক্রবার খুলনায় নদী ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক ‘রূপসা নদী বাঁচাও যুব ক্যাম্পেইন’ অনুষ্ঠিত হয়েছে। Clean Up Youth Climate Action-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তরুণ স্বেচ্ছাসেবকরা নদী দখল ও দূষণ বন্ধ, পরিবেশ সুরক্ষা এবং খুলনার জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা তৈরির লক্ষ্যে অংশ নেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রূপসা ঘাটে সংক্ষিপ্ত মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এ সময় তরুণরা নদী রক্ষা ও পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন এবং রূপসা ঘাটে উপস্থিত স্থানীয় মানুষ, পথচারী ও নদীপাড়ের বাসিন্দাদের নদীতে ময়লা না ফেলা, নদী দূষণ বন্ধ এবং পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।
পরে স্বেচ্ছাসেবকরা নৌযাত্রার মাধ্যমে রূপসা ঘাট থেকে রূপসা ব্রিজ পর্যন্ত নদীতে সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করেন। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে **‘নদী বাঁচাও, খুলনা বাঁচাও’, ‘দখল-দূষণমুক্ত নদী চাই’, ‘জলাবদ্ধতামুক্ত খুলনা চাই’**সহ বিভিন্ন বার্তা তুলে ধরা হয়।
আয়োজকরা বলেন, নদী, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা এবং দখল ও দূষণ বন্ধ করা শুধু সরকারের দায়িত্ব নয়, নাগরিক হিসেবেও আমাদের প্রত্যেকের দায়িত্ব রয়েছে। তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা আরও জোরদার করা সম্ভব।
কর্মসূচির মূল প্রতিপাদ্য ছিল—
“নদী বাঁচাও | পরিবেশ বাঁচাও | জলাবদ্ধতামুক্ত খুলনা গড়ো।”
Clean Up Youth Climate Action-এর পক্ষ থেকে ভবিষ্যতেও খুলনার নদী, পরিবেশ ও জলাবদ্ধতা নিয়ে ধারাবাহিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করা হয়।