শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশিত: শুক্রবার, জুলাই ৩, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক সপ্তাহের ব্যবধানে ৫৬৫ কোটি মার্কিন ডলার কমে ৬৬৬ দশমিক ৯৩ বিলিয়ন (৬৬ হাজার ৬৯৩ কোটি) ডলারে নেমে এসেছে।
শুক্রবার (৩ জুলাই) দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) প্রকাশিত সর্বশেষ সাপ্তাহিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
আরবিআইর তথ্য অনুযায়ী, গত ২৬ জুন শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে কমেছে। এর আগে টানা তিন সপ্তাহ আগে দেশটির রিজার্ভ প্রায় ১০ বিলিয়ন ডলার কমেছিল।
প্রকাশিত তথ্য অনুযায়ী, বৈদেশিক মুদ্রা সম্পদ (Foreign Currency Assets) ১৫ কোটি ডলার কমে ৫৪১ দশমিক ০৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
এছাড়া স্বর্ণের রিজার্ভ (Gold Reserves) ৫৩৯ কোটি ডলার কমে ১০২ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে, যা সামগ্রিক রিজার্ভ কমার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিশেষ অঙ্কন অধিকার বা স্পেশাল ড্রইং রাইটস (Special Drawing Rights-SDR) ৮ কোটি ৯০ লাখ ডলার কমে ১৮ দশমিক ৫৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
একই সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে ভারতের রিজার্ভ পজিশন (Reserve Position in the IMF) ২ কোটি ১০ লাখ ডলার কমে ৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক আর্থিক বাজারের অস্থিরতা, স্বর্ণের দামের ওঠানামা এবং কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রাবাজারে হস্তক্ষেপের মতো বিভিন্ন কারণে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভে এ ধরনের পরিবর্তন দেখা দিতে পারে।