মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিত: সোমবার, জুন ২৯, ২০২৬

নাগরিক সংবাদ ডেস্কঃ ‘শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সোমবার বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতি বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো: বাতেন বলেন, শিশুশ্রমমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মালিক, শ্রমিক, অভিভাবক এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। প্রতিটি শিশুর শিক্ষা, নিরাপদ শৈশব ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান তিনি। এছাড়া শিশুশ্রম প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ এবং শিক্ষা কার্যক্রমে শিশুদের সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আবু রাসেল, জেলা তথ্য অফিসের উপপরিচালক মুঈনুল ইসলাম, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শুভেন্দু ঘোষ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন আক্তার, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার ফুলই সরকার, মালিক প্রতিনিধি সরদার মিজানুর রহমান ও শ্রমিক প্রতিনিধি মো: মনজুরুল ইসলাম শাওন বক্তব্য রাখেন। স্বাগত বক্তৃতা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর খুলনার সহকারী মহাপরিদর্শক (সেফটি) এস এম শাহাজাদ কবির। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বাগেরহাট জেলা প্রশাসন এবং খুলনা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মালিক-শ্রমিক প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন