মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

সিইউসির মৌসুমী ফল উৎসব

প্রকাশিত: সোমবার, জুন ৮, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ সমাজের সুবিধাবঞ্চিত ও অবহেলিত শিশুদের বিনামূল্যে মানসম্মত শিক্ষা ও দরিদ্র অসহায় মানুষের সহযোগিতা নিশ্চিতকরণের প্রত্যয়ে খুলনার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড’ সি ইউ সি কর্তৃক পরিচালিত সি ইউ সি স্কুলে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র পরিবার নিয়ে মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে।

৭ জুন ২০২৬ রবিবার বিকেলে ৬১,সাউথ সেন্ট্রাল রোড নার্গিস মেমোরিয়াল হসপিটাল প্রাঙ্গণে সি ইউ সি স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিইউসির সভাপতি মোঃ শাহিন হোসেন ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সুবিধাবঞ্চিত শিশুরা সমাজের বোঝা নয়, বরং সঠিক সুযোগ ও ভালোবাসা পেলে ওরাই আগামী দিনে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হবে। সি ইউ সি স্কুল যেভাবে প্রতিকূলতার মাঝে এই শিশুদের শিক্ষার আলো দিচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।

খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগের পাশে অতীতেও ছিলেন ভবিষ্যতেও সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকব বলে আমরা আশা করি। তিনি শিশুদের নিয়মিত বিদ্যালয়ে আসার আহ্বান জানান এবং মানবিক সমাজ গঠনে মৌসুমী ফল উৎসবের মত এই ধরণের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।

সি ইউ সি স্কুলের সরকারি শিক্ষক হাওয়ারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ । এ সময়ে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শহীদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলী, সহকারী প্রধান শিক্ষক কারীমা আক্তার। সহকারী শিক্ষক মিম আক্তার মনিকা, চিত্রশিল্পী মিলন বিশ্বাস, ঝর্না আক্তার এবং আকলিমা আক্তার এবং সংবাদকর্মী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে মৌসুমীর ফল হাতে পেয়ে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজক কর্তৃপক্ষ উপস্থিত সকল অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন