শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
প্রকাশিত: শুক্রবার, ফেব্রুয়ারী ২০, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পবিত্র মাহে রমজানে ইফতার, তারাবি ও সেহরির সময় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। জনগণ তাদের সুবিধা-অসুবিধার কথা বলবে কিন্তু বিরক্ত হওয়া যাবে না। সঠিক বিদ্যুৎ সাপ্লাইয়ে সবাইকে এক সাথে কাজ করতে হবে।
তিনি শুক্রবার বিকালে যশোর সার্কিট হাউজের সভাকক্ষে জেলার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ওজোপাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিদের্শনা অনুযায়ী লোডশেডিং কমানো, বিদ্যুৎ সাশ্রয়, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। দেশের পাওয়ার গ্রীডগুলোর মান উন্নয়ন করতে পারলে বিদ্যুতের সমস্যা অনেকাংশে কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকের ফসল উৎপাদনে বিদ্যুতের কোন সমস্যা না হয় সেদিকে নজর দিতে হবে। প্রতিমন্ত্রী বিদ্যুৎ কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, খোলা ও পরিস্কার মন নিয়ে জনগণের সেবায় কাজ করতে হবে।
মতবিনিময় সভায় যশোর ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক সেখ জাকিরুজ্জামান ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা আবু সাইদ বক্তৃতা করেন।
সন্ধ্যায় তিনি যশোর হোটেল ওরিয়নে ওলামা-মাশায়েখ ও এতিমদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।