নাগরিক সংবাদ ডেস্কঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর নির্বাচনোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বিএনপি। শনিবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নির্বাচনের ফলাফল নিয়ে দলটির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তুলে ধরা হবে এ আয়োজনে।
সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন। দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনের সার্বিক পরিস্থিতি, সরকার গঠনের প্রস্তুতি, সম্ভাব্য জোট রাজনীতির দিকনির্দেশনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন তিনি।
বিজয়ের পর এই সংবাদ সম্মেলনকে দলটির জন্য তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের রূপরেখা ও ভবিষ্যৎ কৌশল সম্পর্কে স্পষ্ট ধারণা মিলতে পারে এ আয়োজন থেকে।