বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশিত: বুধবার, জুলাই ১৫, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ সাংবাদিক সমাজের উপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিন পুলিশের কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। বুধবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সাংবাদিকদের উপর আঘাত করা মানেই আমার উপর আঘাত করা। কাজেই এ ঘটনার সত্যতা জানা দরকার। তথ্য প্রযুক্তির মাধ্যমে সন্ত্রাসীদের চিহ্নিত এবং ঘটনার কারণ উদঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআইসহ একাধিক সংস্থা কাজ শুরু করেছে। এই হামলার সুষ্ঠু তদন্তের বিষয়ে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে। তিনি এ সময় সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানান।
খুলনা প্রেসক্লাবের হুমায়নু কবীর বালু মিলনায়তনে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন ও কাজী কাজী শামীম আহমেদ, ক্লাবের সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম, ক্লাবের সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, প্রেসক্লাবে যুুগ্ম-সম্পাদক মোঃ বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), ক্লাব সদস্য শেখ কামরুল আহসান।
এ সময়ে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, নির্র্বাহী সদস্য সোহেল মাহমুদ ও কে এম জিয়াউস সাদাত, ক্লাব সদস্য আতিয়ার পারভেজসহ ক্লাবের অন্যান্য সদস্য ও খুলনায় কার্মরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্যান্য সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ১৪ জুলাই মঙ্গলবার রাতে খুলনা শান্তিধাম মোড়স্থ জাতিসংঘ পার্কের পশ্চিম পাশে বসে থাকা অবস্থায় সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। এ ঘটনার তদন্তের বিষয়ে সাংবাদিকদের অবহিত করার জন্য পুলিশ কমিশনার প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।