মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
প্রকাশিত: সোমবার, জুন ২২, ২০২৬
নাগরিক সংবাদ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শিক্ষা সহায়তা প্রদান এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
২১ জুন রবিবার গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোনের উদ্যোগে মানিকছড়ি আর্মি ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার দক্ষিণ হাফছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংস্কারকৃত ভবন উদ্বোধন এবং শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া, স্থানীয় কতিপয় অসহায় ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
অন্যদিকে, একই দিন খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা জোনের উদ্যোগে কোবাখালী নিউজিল্যান্ড পাড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়। সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে স্থানীয় জনগণের অংশগ্রহণে বিভিন্ন প্রজাতির মোট ১,৬৫০টি গাছের চারা রোপণ করা হয়।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে শিক্ষা, মানবিক সহায়তা, পরিবেশ সংরক্ষণ এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।