বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

খুলনায় অর্থনৈতিক শুমারি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রকাশিত: বুধবার, জুন ১৭, ২০২৬

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আওতায় পরিচালিত অর্থনৈতিক শুমারি, ২০২৪ এর প্রতিবেদন প্রকাশ বিষয়ক সেমিনার বুধবার বিকালে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন।

প্রধান অতিথি বলেন, অর্থনৈতিক শুমারি একটি গুরুত্বপূর্ণ দলিল। এটি সরকারি নীতি নির্ধারণে সহায়তা করে। বাংলাদেশে গ্রামীণ অর্থনীতি যে আমূল পরিবতির্ত হয়েছে তা এই অর্থনৈতিক শুমারি ২০২৪ এ উঠে এসেছে। তবে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নারীদের অগ্রগতি আশানুরূপ অর্জিত হয়নি। এ ক্ষেত্রে আরও কাজ করতে হবে। তিনি বলেন, বর্তমানে সারা বিশে^ই সেবাখাতকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। কিন্তু সেবাখাতকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন একটি দক্ষ, শিক্ষিত ও মেধাবী জনগোষ্ঠী। আমাদেরও এদিকে খেয়াল রাখতে হবে।

খুলনা বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক (ভারপ্রাপ্ত) মো: আব্দুল আলীমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো: মনজুর আলম ও রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো: সাজাদুর রহমান রাসেল। সেমিনারে প্রধান আলোচক ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান ডিসিপ্লিনের প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার। স্বাগত বক্তৃতা করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো: আইয়ুব হোসেন।

মুলপ্রবন্ধে জানানো হয়, ‘সময়ের বিবর্তনে দেশের কৃষি বহির্ভূত অর্থনীতির কাঠামোগত পরিবর্তন সংক্রান্ত পরিসংখ্যান প্রস্তুত’ এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক ২০২৪ সালে ম্যাপিং ব্যবহার করে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি পরিচালিত হয়। বাংলাদেশে প্রথম অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ১৯৮৬ সালে। দ্বিতীয় অর্থনৈতিক শুমারি ২০০১ এবং ২০০৩ সালে (দুটি পর্যায়ে) এবং তৃতীয় অর্থনৈতিক শুমারি ২০১৩ সালে অনুষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় চতুর্থ তথা সর্বশেষ অর্থনৈতিক শুমারি অনুষ্ঠিত হয় ২০২৪ সালে। এ শুমারিতে মোট ৮৭,৪১৯টি গণনা এলাকা গঠন করে প্রতিটি এলাকায় আনুমানিক ১৫০টি অর্থনৈতিক ইউনিট অন্তর্ভুক্ত করা হয়।
শুমারির তথ্য অনুযায়ী, ২০২৪ সালে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১,১৭,০২,৭৯২টি, যা ২০১৩ সালে ছিল ৭৮,১৮,৫৬৫টি। তাতে বোঝা যায়, দুইটি শুমারির মধ্যে (২০১৩ থেকে ২০২৪) অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ৪৯.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অপরদিকে, খুলনা বিভাগে বর্তমান অর্থনৈতিক ইউনিটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৮৯ হাজার ৪৪৫ টি, যার মধ্যে স্থায়ী ৭ লাখ ৭ হাজার ৬৭৬ টি, অস্থায়ী ৬১ হাজার ৮৬৮ টি ও অর্থনৈতিক খানা রয়েছে ৭ লাখ ১৯ হাজার ৯০১ টি। ২০১৩ সালের শুমারিতে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা ছিল ৯ লাখ ৯৮ হাজার ৭৯১ টি। অর্থাৎ বিগত এক দশকে খুলনা বিভাগে অর্থনৈতিক ইউনিট বৃদ্ধির হার প্রায় ৪৯.১২ শতাংশ।

সেমিনারে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন