রবিবার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশিত: শনিবার, নভেম্বর ২১, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য আয়োজনে কৃষি দিবস ও নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। ২১ নভেম্বর ২০২৬ (৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ) শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের উদ্যোগে এবং ‘নবাঙ্কুর’-এর আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের পাশাপাশি একটি আলোচনা সভারও আয়োজন করা হয়।
উৎসবকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তাঁদের অংশগ্রহণে ক্যাম্পাসে বাংলার কৃষি, গ্রামীণ জীবনযাত্রা ও ঐতিহ্যবাহী নবান্ন উৎসবের এক মনোমুগ্ধকর আবহ তৈরি হয়। আয়োজনজুড়ে ফুটে ওঠে বাংলার শস্য-শ্যামল প্রকৃতি, কৃষকের শ্রম-ঘাম এবং নতুন ফসল ঘরে তোলার আনন্দের চিরায়ত চিত্র।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আসাদুজ্জামান সরকার এবং ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের অর্থনীতি, খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ জীবনযাত্রায় কৃষির অপরিসীম গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের নিরলস শ্রম ও অবদানের ফলেই দেশের খাদ্য উৎপাদন ও কৃষি অর্থনীতি সমৃদ্ধ হচ্ছে। তাই কৃষকের যথাযথ মূল্যায়ন, কৃষির আধুনিকায়ন এবং কৃষি ঐতিহ্য সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে কৃষির শেকড় ও বাংলার লোকজ সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলার কৃষি ও সংস্কৃতি একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। আবহমানকাল ধরে কৃষিনির্ভর বাংলাদেশের মানুষের জীবন-জীবিকা, অর্থনীতি ও সামাজিক উৎসবের সঙ্গে ফসলের নিবিড় সম্পর্ক রয়েছে। অগ্রহায়ণ মাসে নতুন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে গ্রামবাংলায় নবান্ন উৎসবের প্রচলন গড়ে উঠেছে। নতুন ধানের চাল, পিঠা-পায়েসসহ নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন এবং পারস্পরিক আনন্দ-উৎসবের মধ্য দিয়ে এ উৎসব বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
কৃষি দিবস ও নবান্ন উৎসবের অন্যতম উদ্দেশ্য হলো কৃষির বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরা, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় কৃষকের অসামান্য অবদানকে স্বীকৃতি দেওয়া এবং দেশীয় কৃষি ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় ঘটানো। পাশাপাশি আধুনিক কৃষির অগ্রযাত্রার সঙ্গে বাংলার গ্রামীণ সংস্কৃতি, লোকজ ঐতিহ্য ও শেকড়ের বন্ধন আরও সুদৃঢ় করাও এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
কৃষিশিক্ষা ও গবেষণার পাশাপাশি দেশীয় কৃষি ঐতিহ্য এবং গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। কৃষি অনুষদের উদ্যোগে ‘নবাঙ্কুর’ আয়োজিত এ উৎসবের মধ্য দিয়ে কৃষির ঐতিহ্য, কৃষকের অবদান এবং বাঙালির চিরায়ত নবান্ন সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।